ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। এত দিন বিক্ষোভের নির্ধারিত স্থান হিসেবে ব্যবহৃত হয়ে আসা এই এলাকাটিকে বিক্ষোভের তালিকা থেকে বাদ দিয়ে নতুন তিনটি স্থান নির্ধারণ করেছে দিল্লি পুলিশ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন একটি কমিটির সুপারিশের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, রাজধানী দিল্লিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির জন্য নতুন করে তিনটি স্থান নির্ধারণ করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন একটি কমিটির সুপারিশের ভিত্তিতে এসব স্থান চূড়ান্ত করা হয়েছে।
এত দিন বিক্ষোভের নির্ধারিত স্থান হিসেবে ব্যবহৃত হয়ে আসা দিল্লির কেন্দ্রস্থলে উচ্চ নিরাপত্তাবেষ্টিত এলাকা যন্তর মন্তরে আর বিক্ষোভ করা যাবে না। নতুন তিনটি স্থান হলো রামলীলা ময়দান, বুরারি ময়দান এবং পূর্ব দিল্লির সিবিডি ময়দান।

ভোট চুরি বন্ধ, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) স্থগিত এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির কেন্দ্রস্থলে বিরোধী জোট ‘ইন্ডিয়া’ ও ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভের মধ্যেই এ সিদ্ধান্ত এল।

এদিকে এ ঘোষণাকে গণতান্ত্রিক প্রতিবাদ বন্ধে মোদি সরকারের পদক্ষেপ হিসেবে সমালোচনা করতে পারে বিরোধীরা। দিল্লি পুলিশ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন। তবে গুরুত্বপূর্ণ কয়েকটি সরকারি ভবনের কাছাকাছি অবস্থিত যন্তর মন্তর এলাকায় বিক্ষোভের স্থান পরিবর্তনের ফলে সাধারণ মানুষের যাতায়াত ও যান চলাচলের পরিস্থিতির উন্নতি হতে পারে।

এনডিটিভি বলছে, দিল্লি পুলিশের কমিশনার অনুরাগ কুমার যন্তর মন্তরকে বিক্ষোভের নির্ধারিত স্থান হিসেবে বাদ দিয়ে ইতোমধ্যেই আদেশ জারি করেছেন।

আদেশে বলা হয়েছে, ‘কমিটির সুপারিশের ভিত্তিতে যন্তর মন্তরকে বিক্ষোভের নির্ধারিত স্থান হিসেবে বাদ দেয়া হয়েছে। বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি আয়োজনের জন্য নতুন স্থান হিসেবে রামলীলা ময়দান, বুরারি ময়দান এবং পূর্ব দিল্লির সিবিডি ময়দান নির্ধারণ করা হয়েছে।’

পুলিশ জানিয়েছে, নতুন তিনটি স্থানে বিক্ষোভ আয়োজনের নিয়মকানুন ও মানসম্মত পরিচালনাপদ্ধতি (এসওপি) নিয়ে পৃথক নির্দেশনা জারি করা হবে।