রাজশাহী মেট্রোপলিটনের মহানগর ডিবি ও রাজপাড়া থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। সেইসাথে মাদক বিক্রির নগদ অর্থ জব্দ করা হয়।

গত ০২ নভেম্বর বেলা পৌনে ১২টার দিকে মহানগর ডিবি পুলিশ রাজপাড়া থানার কোর্ট বুলনপুর এলাকায় অভিযান পরিচালনা করে কাশিয়াডাঙ্গা থানার আদর্শগ্রামের শামীম শেখের ছেলে জাকির হোসেন (৩৭)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৯০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৪ হাজার ২৪০ টাকা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় ১টি মাদক মামলা রয়েছে।

অপরদিকে, একই তারিখ সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে রাজপাড়া থানা পুলিশ দাশপুকুর বাইপাস এলাকায় অভিযান চালিয়ে রাজপাড়া থানার শ্রীরামপুর গ্রামের সৈয়দ আলীর ছেলে রুম্মান আলী (৩৬) এবং কেশবপুর গ্রামের মৃত সামসুল আলমের ছেলে খন্দকার শাকিল হোসেন পলাশ (৪৫)-কে গ্রেপ্তার করে। তাদের হেফাজত থেকে মোট ১৯৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। রুম্মানের বিরুদ্ধে রাজপাড়া থানায় ১টি মামলা এবং শাকিল একজন পেশাদার মাদক ব্যবসায়ী, তার বিরুদ্ধে রাজপাড়া থানায় ৭টি মাদক মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।