বরগুনায় অভিযান চালিয়ে চার হাজার ৭০০ পিস ইয়াবাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যান তাদের জামাই।

মঙ্গলবার (০৩ নভেম্বর) জেলার আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের চুনাখালী এলাকায় এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তাররা হলেন- মো. সেলিম প্যাদা (৫৫) ও তার স্ত্রী মোসা. কহিনুর (৪০)। এই ঘটনায় পলাতক রয়েছেন তাদের জামাতা সবুজ মৃধা (৩২)।

জেলা গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, গোপন খবরে কুকুয়া ইউনিয়নের চুনাখালী এলাকায় অভিযান পরিচালনা করে ডিবির একটি টিম। এ সময় আটক কহিনুরের দেহ তল্লাশি করে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পরবর্তীতে তার দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে তাদের বসতবাড়ির রান্নাঘরে অভিযান চালানো হয়। সেখানে প্লাস্টিকের ব্যাগে লুকিয়ে রাখা আরও চার হাজার ৫০০ পিস ইয়াবা জব্দ করা হয়। সব মিলিয়ে উদ্ধার চার হাজার ৭০০ পিস ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ ১০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের তথ্যমতে, পলাতক জামাই সবুজ মৃধা টেকনাফসহ বিভিন্ন স্থান থেকে পাইকারি দামে ইয়াবা এনে শ্বশুর-শাশুড়ির নিজ বাড়িতে মজুত রাখতেন। পরবর্তীতে অটোরিকশায় করে বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রেতাদের কাছে এই ইয়াবা বিক্রি করা হতো। অভিযানের খবর পেয়ে তিনি কৌশলে গা ঢাকা দেন।

বরগুনার পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা জানান, নিয়মিত মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে ডিবির টিম এই সফল অভিযান চালিয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তার স্বামী-স্ত্রী ও পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আমতলী থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পলাতক আসামি সবুজ মৃধাকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে অভিযান অব্যাহত রেখেছে।