রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) এক নারী সার্জেন্টের ব্যাংক হিসাবে ৪৯ লাখ টাকা স্থানান্তরের ঘটনায় নিজের অবস্থান পরিষ্কার করেছেন নিউরন কোচিং সেন্টারের স্বত্বাধিকারী সাইফুল ইসলাম। তাঁর দাবি, নারী সার্জেন্ট সাবিহা আক্তার ও তাঁর সাবেক স্বামী পুলিশ কর্মকর্তা মাহবুব আলমের বিবাহবিচ্ছেদ-পরবর্তী সমঝোতার অংশ হিসেবেই ওই অর্থ লেনদেন করা হয়েছিল। তবে এত বড় অঙ্কের টাকা নিজের ব্যক্তিগত ব্যাংক হিসাব ব্যবহার করে স্থানান্তর করা ঠিক হয়নি বলে স্বীকার করেছেন তিনি।
রোববার (১৫ নভেম্বর) বিকেলে রাজশাহী নগরের চণ্ডীপুর কদমতলা মোড় এলাকায় নিউরন কোচিং সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সাইফুল ইসলাম। এ সময় অর্থ লেনদেনের পক্ষে বিভিন্ন কাগজপত্র ও তথ্যপ্রমাণ উপস্থাপন করেন তিনি।
সংবাদ সম্মেলনে সাইফুল ইসলাম জানান, ২০২২ সালের ১০ সেপ্টেম্বর সার্জেন্ট সাবিহা আক্তার ও পুলিশ কর্মকর্তা মাহবুব আলমের বিবাহবিচ্ছেদ হয়। তালাকনামায় উভয়ের স্বাক্ষর রয়েছে বলেও দাবি করেন তিনি। তাঁর ভাষ্য অনুযায়ী, বিবাহবিচ্ছেদের সময় দেনমোহর বাবদ দুই লাখ টাকা নির্ধারিত থাকলেও পরবর্তী সময়ে ৫০ লাখ টাকায় সমঝোতা হয়।
সাইফুল ইসলামের দাবি, সমঝোতার দিন মাহবুব আলমের কয়েকটি এফডিআর ভাঙিয়ে এবং বিভিন্ন উৎস থেকে অর্থ সংগ্রহ করে মোট ৫০ লাখ টাকা জোগাড় করা হয়। এ সময় সাবিহা আক্তার, মাহবুব আলম ও তিনি নিজে উপস্থিত ছিলেন। সাক্ষী হিসেবে ছিলেন নিউরন নার্সিং কোচিং সেন্টারের কর্মী শোয়েব হুসাইন শান্ত।
তিনি আরও বলেন, সাবিহা আক্তার ও মাহবুব আলম দুজনই সরকারি চাকরিতে থাকায় নিজেদের ব্যাংক হিসাবের মাধ্যমে অর্থ লেনদেন করলে ভবিষ্যতে আইনগত জটিলতা তৈরি হতে পারে বলে আশঙ্কা করেছিলেন। এ কারণে তাঁর ব্যক্তিগত ব্যাংক হিসাব ব্যবহারের প্রস্তাব দেওয়া হয়। বন্ধুত্ব ও মানবিক বিবেচনায় তিনি এতে সম্মতি দেন। পরে তাঁর ব্যাংক হিসাব থেকে সাবিহা আক্তারের হিসাবে ৪৯ লাখ টাকা স্থানান্তর করা হয়। বাকি এক লাখ টাকা সরাসরি দেওয়া হয় বলে দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে সাইফুল ইসলাম স্বীকার করেন, পারিবারিক বিবাহবিচ্ছেদ-সংক্রান্ত সমঝোতার এত বড় অঙ্কের অর্থ নিজের ব্যক্তিগত ব্যাংক হিসাবের মাধ্যমে লেনদেন করা তাঁর ঠিক হয়নি। এ ঘটনায় তিনি অনুতপ্ত বলেও জানান।
একই সঙ্গে পুরো অর্থ লেনদেনের বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
এ বিষয়ে বক্তব্য জানতে নারী সার্জেন্ট সাবিহা আক্তার ও পুলিশ কর্মকর্তা মাহবুব আলমের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।
নিকাহনামায় দেনমোহর ২ লাখ, সার্জেন্ট সাবিহা নেন ৪৯ লাখ টাকা